ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, চলতি বছর আক্রান্ত ১ লাখ ৩ হাজার ছাড়াল
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৯৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা ১ লাখ ৩ হাজার ৩৯৬ জনে পৌঁছেছে।
মারা যাওয়া ৯ জনের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার, দুজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকা ও খুলনা বিভাগের এবং একজন করে চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৬৫ জন। এ নিয়ে চলতি বছর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ হাজার ২৯৬।
গত সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
জানুয়ারি থেকে মে পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫ জনের মৃত্যু হয়। এরপর জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়।
