দেশে ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।
মৃত চারজনের মধ্যে একজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বাসিন্দা।
গত সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
জানুয়ারি থেকে মে পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫ জনের মৃত্যু হয়। এরপর জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু থেকে সুস্থ হয়ে ১ হাজার ৬২৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর সুস্থ হয়ে ওঠা রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯১ হাজার ৭ জনে।
সারা দেশে এ বছর ডেঙ্গুতে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৯৭ হাজার ৮২ জনে পৌঁছেছে।
