বাংলা কিউআর একটি সিকিউরড প্ল্যাটফর্ম, এর মাধ্যমে অনিয়মের সুযোগ থাকবে না: অর্থমন্ত্রী
বাংলা কিউআর একটি নিরাপদ প্ল্যাটফর্ম। পুরো সিস্টেম এনক্রিপ্টেড হওয়ায় এর মাধ্যমে লেনদেনে ভবিষ্যতে কোনো ধরনের জালিয়াতি বা অনিয়মের সুযোগ থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বনানী কাঁচাবাজারে ডাচ্-বাংলা ব্যাংকের বাংলা কিউআর কোড উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, নতুন কোনো ব্যবস্থা চালুর শুরুতে কিছু সমস্যা দেখা দিতে পারে। অন্যান্য দেশেও ডিজিটাল লেনদেন ব্যবস্থা চালুর সময় এ ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে। তবে সময়ের সঙ্গে এসব সমস্যা দূর হয়ে যাবে।
তিনি বলেন, 'বাংলা কিউআর একটি সিকিউরড প্ল্যাটফর্ম। এর মাধ্যমে অনিয়মের সুযোগ থাকবে না। পুরো সিস্টেম এনক্রিপ্টেড হওয়ায় লেনদেন নিরাপদ থাকবে।'
আমির খসরু বলেন, নগদ লেনদেন কমিয়ে ধীরে ধীরে মানুষকে ডিজিটাল লেনদেনের আওতায় আনতে হবে। সবাইকে ডিজিটাল লেনদেনে যুক্ত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, 'ক্যাশ লেনদেন কমিয়ে আনতে হবে এবং ধীরে ধীরে নগদে লেনদেন কমাতে হবে। ডিজিটাল লেনদেনে সবাইকে যুক্ত করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।'
বাংলা কিউআর কোডের মাধ্যমে যেকোনো ব্যাংকের অ্যাকাউন্টে অর্থ জমা হওয়ার সুবিধার কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, শ্রমিকসহ ক্ষুদ্র ব্যবসায়ীরাও এ ব্যবস্থার মাধ্যমে সহজে লেনদেন করতে পারবেন। ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করেই বাংলা কিউআর ব্যবস্থা তৈরি করা হয়েছে।
অর্থমন্ত্রী আরও বলেন, বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনে কোনো চার্জ নেই। গ্রাহকের যে ব্যাংকেই অ্যাকাউন্ট থাকুক না কেন, লেনদেনের অর্থ সরাসরি সংশ্লিষ্ট হিসাবে জমা হয়ে যাবে।
নতুন ব্যবস্থায় শুরুতে কিছু সমস্যা হতে পারে উল্লেখ করে তিনি বলেন, এসব সমস্যা ধীরে ধীরে সমাধান হবে। ভবিষ্যতে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনে অনিয়ম বা জালিয়াতির সুযোগ থাকবে না।
আমির খসরু বলেন, কিউআর কোড কোনো একক দেশের আবিষ্কার নয়। বিশ্বের বিভিন্ন দেশে এর ব্যবহার রয়েছে। সাধারণ মানুষের লেনদেন সহজ ও নিরাপদ করতেই বাংলাদেশে এ ব্যবস্থা চালু করা হয়েছে।
তিনি বলেন, ডিজিটাল লেনদেনের পরিধি বাড়িয়ে দেশের সবাইকে আধুনিক আর্থিক ব্যবস্থার আওতায় আনার লক্ষ্যেই বাংলা কিউআর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
