নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার
রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজাহারনামীয় আসামি মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে রমনা থানার সেগুনবাগিচার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি গুলশান বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গ্রেপ্তার হওয়া গোলাম মহিউদ্দিন চৌধুরী ক্যান্টনমেন্ট থানায় করা মামলাটির চার নম্বর এজাহারভুক্ত আসামি। গত ২৭ সেপ্টেম্বর করা ওই মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৩৮০, ৪২৭, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
প্রসঙ্গত, নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনায় এর আগে আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ ও ডিবি।
