শিক্ষকদের আন্দোলনের মুখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন, নতুন দায়িত্বে ড. শফি উল্লাহ
বিএনপিপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের টানা আন্দোলনের মুখে অবশেষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) উপাচার্য পদে পরিবর্তন আনা হয়েছে। নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে 'সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬'-এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদারকে যোগদানের তারিখ হতে আগামী ৪ বছরের জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে নিয়োগ দেওয়া হলো।
এর আগে, ২০২৪ সালের ১৭ অক্টোবর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
তবে সম্প্রতি উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে সোচ্চার হন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
গত দুই সপ্তাহ ধরে তাদের টানা আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়টিতে অচলাবস্থা বিরাজ করছিল। সার্বিক পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিবেশ ও গতিশীলতা ফিরিয়ে আনতেই উপাচার্য পদে এই পরিবর্তন আনা হলো বলে জানা গেছে।
