শৌচাগারে যাওয়ার কথা বলে প্রিজন ভ্যান থেকে পালাল ‘পিচ্চি রাজা’; ৫ পুলিশ বরখাস্ত
ঢাকার আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন ২৫টি মামলার আসামি 'পিচ্চি রাজা'। গত রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজীপুর মহানগরীর নাওজোড় হাইওয়ে থানার সামনে প্রিজন ভ্যান থেকে এই পালানোর ঘটনা ঘটে। এ ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. তাহেরুল হক চৌহান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
পলাতক আসামির নাম রাজা ওরফে পিচ্চি রাজা ওরফে বাদশা (৩০)। তিনি রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বাসিন্দা এবং ওই এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, 'পিচ্চি রাজার বিরুদ্ধে ২৫টি মামলার তথ্য রয়েছে।'
পুলিশ জানায়, রবিবার সকালে ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজিরার জন্য কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে প্রিজন ভ্যানে করে কড়া পুলিশ প্রহরায় ঢাকায় নেওয়া হয়েছিল পিচ্চি রাজাকে। আদালতে হাজিরা শেষে অন্য হাজতিদের সঙ্গে তাকে নিয়ে আবারও কারাগারে ফিরছিল পুলিশ।
সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে প্রিজন ভ্যানটি গাজীপুরের নাওজোড় হাইওয়ে থানার সামনে পৌঁছালে তিনি প্রস্রাব করার কথা জানান। দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে শৌচাগারে নিয়ে গেলে, সেখান থেকে সুযোগ বুঝে ও কৌশলে পুলিশকে ফাঁকি দিয়ে তিনি পালিয়ে যান।
মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ১৯ মে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়েছিল। নেপাল থেকে স্ত্রী ও শ্যালকসহ দেশে ফেরার পথে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
আসামি পালানোর ঘটনার পরপরই তাকে পুনরায় গ্রেপ্তারে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা ইউনিট জোর অভিযান শুরু করেছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেলার জাহাঙ্গীর আলম বলেন, 'পলাতক হাজতিকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন টিম জোরালো অভিযান চালাচ্ছে।'
