বনানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
রাজধানীর বনানীতে বাসের ধাক্কায় হাসান ইমাম সোহেল (৪৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সোহেলের বাড়ি কুমিল্লার দাউদকান্দি এলাকায়। তিনি মোহাম্মদপুরে ভাড়া থাকতেন এবং একটি বেসরকারি কোম্পানিতে মার্কেটিংয়ের কাজ করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোহেল মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় লাবিব পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। ঘাতক বাসটিকে জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে
বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম।
তিনি বলেন, 'মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। বাসটি জব্দ করা হয়েছে।'
