বাসে উচ্চস্বরে গান বাজালে সিঙ্গাপুরে গুনতে হবে ১০০ ডলারের বেশি জরিমানা
বাসে উচ্চস্বরে গান বাজানো, সিটে পা তুলে বসা কিংবা বাসের ভেতরে খাবার খাওয়ার মতো আচরণের জন্য এখন থেকে সিঙ্গাপুরে দিতে হবে জরিমানা। নতুন নিয়মে এসব অপরাধে সর্বোচ্চ ৫০০ সিঙ্গাপুরিয়ান ডলার (প্রায় ৩৯১ মার্কিন ডলার) জরিমানা হতে পারে। আর যাত্রীদের চলাচলে বাধা সৃষ্টি বা বাস ও বাস টার্মিনাল নোংরা করার মতো গুরুতর অপরাধে জরিমানা হতে পারে সর্বোচ্চ ৫ হাজার ডলার।
সোমবার নতুন নিয়মের ঘোষণা দিয়েছে সিঙ্গাপুরের স্থল পরিবহন কর্তৃপক্ষ (এলটিএ)। কর্তৃপক্ষ বলেছে, এর মাধ্যমে সবার জন্য নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করা যাবে।
নতুন নিয়মগুলো সিঙ্গাপুরের রেল যোগাযোগব্যবস্থা ম্যাস র্যাপিড ট্রানজিটের (এমআরটি) প্রচলিত নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এতদিন বাসে খাওয়াদাওয়া বা এ ধরনের বিরক্তিকর আচরণের ক্ষেত্রে সাধারণত পরিবহন কোম্পানির নিজস্ব নিয়ম কার্যকর ছিল। চালকেরা যাত্রীকে সতর্ক করতেন কিংবা বাস থেকে নামিয়ে দিতেন। এখন এসব আচরণ আনুষ্ঠানিকভাবে আইনের আওতায় এনে সরাসরি জরিমানার বিধান করা হয়েছে।
এলটিএ জানিয়েছে, টিকিট পরিদর্শক ও বাস টার্মিনালের কর্মীদের মতো অনুমোদিত কর্মীরা কোনো যাত্রী অপরাধ করেছেন বলে সন্দেহ করলে তাকে সরকারি নোটিশ দিতে পারবেন।
তবে বাসচালকদের এ ক্ষমতা দেওয়া হয়নি। সিঙ্গাপুরে বাসচালকদের 'ক্যাপ্টেন' বলা হয়। তাদের মূল দায়িত্ব নিরাপদে বাস চালানো। তবে তারা যাত্রীকে বিরক্তিকর আচরণ বন্ধ করতে বলতে পারবেন। নির্দেশ না মানলে যাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়া হতে পারে। গুরুতর পরিস্থিতিতে পুলিশও হস্তক্ষেপ করতে পারে।
গণপরিবহনকে শান্তিপূর্ণ রাখতে শুধু সিঙ্গাপুরই এমন পদক্ষেপ নিচ্ছে না। বিশ্বের বিভিন্ন শহরে গণপরিবহন ব্যবস্থার পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের বিরক্তিকর আচরণ ঠেকাতে নতুন নিয়ম চালু করা হচ্ছে।
চলতি বছরের শুরুতে পোল্যান্ডের ক্রাকোভ শহরেও একই ধরনের নিয়ম চালু করা হয়। সেখানে মুঠোফোন বা অন্য ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করে 'যানবাহনের ভেতরে শান্তি ও নীরবতা বিঘ্নিত' করলে সর্বোচ্চ ২০০ জ্লোটি জরিমানা করা হয়।
যুক্তরাজ্যেও ট্রেন ও স্টেশনে 'অসামাজিক আচরণ' নিষিদ্ধ। অন্যকে বিরক্ত করে এমন 'শব্দ উৎপাদনকারী যন্ত্র' অনুমতি ছাড়া ব্যবহার করাও আইনের আওতায় পড়ে।
কয়েকজন রাজনীতিবিদ বাসসহ সব ধরনের গণপরিবহনে উচ্চস্বরে গান ও 'হেডফোন ছাড়া' ভিডিও চালানো যাত্রীদের নির্দিষ্টভাবে জরিমানা করার প্রস্তাবও দিয়েছেন। এ ক্ষেত্রে সর্বোচ্চ ১ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানার কথা বলা হয়েছে।
সিঙ্গাপুর, ক্রাকোভ ও যুক্তরাজ্যের এসব নিয়মে গণপরিবহন ব্যবস্থায় যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে কর্তৃপক্ষের সক্রিয় হওয়ার প্রবণতা স্পষ্ট হচ্ছে।
সিঙ্গাপুরের এলটিএ বলেছে, 'গণপরিবহন সবার জন্য উন্মুক্ত একটি যৌথ স্থান। তাই শৃঙ্খলাপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের পরিবেশ নিশ্চিত করতে প্রত্যেক যাত্রীরই দায়িত্ব রয়েছে।'
