জ্বালানি সমস্যায় এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি, পরিস্থিতি বোঝা যাবে তিন মাস পর: বিজিএমইএ সভাপতি
জ্বালানি সমস্যার কারণে দেশে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু। তবে এর প্রকৃত প্রভাব বুঝতে আরও তিন মাস সময় লাগবে বলে মন্তব্য করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন সরকারের গত ছয় মাসে বন্ধ হওয়ার চেয়ে বেশি কারখানা চালু হয়েছে।
তিনি বলেন, "এ সময়ে ১৪ হাজার শ্রমিক কাজ হারালেও নতুন করে ২৪ হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। অর্থাৎ পোশাক খাতে নিট ১০ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে।"
তিনি আরও বলেন, "সাম্প্রতিক গ্যাস সংকটের কারণে এখন পর্যন্ত কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি। তবে তিন মাস পর পরিস্থিতি বোঝা যাবে।"
বিজিএমইএ সভাপতি বলেন, "কোনো অভিঘাত এলেই সঙ্গে সঙ্গে পোশাক কারখানা বন্ধ হয়ে যায় না। পাইপলাইনে থাকা অর্ডার শেষ করা, শ্রমিকদের পাওনা পরিশোধ এবং ব্যাংকিং-সংক্রান্ত বিষয় নিষ্পত্তি করতে ছয় মাস পর্যন্ত সময় লেগে যায়। ফলে প্রকৃত ক্ষতি বুঝতে আমাদের অপেক্ষা করতে হবে।"
তবে এক সপ্তাহ আগের তুলনায় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানান তিনি।
