ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১,৪৬৩ রোগী হাসপাতালে ভর্তি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন করে মৃত্যু হওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার, একজন ময়মনসিংহ বিভাগের এবং অন্যজন রংপুর বিভাগের।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৪২৬ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে মোট সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৫৫৩ জনে।
দেশে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৯৩৮ জনে।
