বরগুনায় আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি
বরগুনার তালতলী উপজেলায় আন্দারমানিক নদীর তীরে ভেসে এসেছে বিশাল আকৃতির একটি মৃত তিমি। সমুদ্র থেকে জোয়ারের স্রোতে নদীর তীরে ভেসে আসা ওই তিমিটি লম্বায় প্রায় ৩০ ফুট।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে আন্দারমানিক নদীর তীরে বিশাল আকৃতির ওই তিমিটিকে দেখতে পায় স্থানীয়রা। পরে বনবিভাগ ও স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় জোয়ারের পানিতে সমুদ্র থেকে মৃত তিমিটি ভেসে এসে আন্দারমানিক নদীর তীরে আটকে পড়ে। সকালে স্থানীয়রা নদীর তীরে মৃত তিমিটিকে দেখতে পান। এরপর বিষয়টি জানাজানি হলে তিমিটিকে দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসা মানুষের ভিড় বাড়তে শুরু করে।
পরবর্তীতে স্থানীয় বন বিভাগ ও প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে তিমিটির বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেন।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, 'সাগর ও নদীতে বর্তমান পনির পরিবেশ নিয়ে গবেষণা করা প্রয়োজন। পানির যে কোনো স্তরে সমস্যার কারণে তিমিটির মৃত্যু হতে পারে।'
তিনি আরও বলেন, 'আমাদের এখানে কোনো গবেষণা কেন্দ্র নেই। যদি গবেষণা কেন্দ্র থাকতো তাহলে প্রকৃত কারণ জানা যেতো। তবে পরিবেশগত ত্রুটির কারণেই বেশিরভাগ সময় সামুদ্রিক প্রাণীর মৃত্যু হয়।'
বন বিভাগের তালতলীর রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, 'খবর পেয়ে আমিসহ বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। বিশাল আকৃতির তিমিটি পঁচে যাওয়ায় এখন দুর্গন্ধ ছড়াচ্ছে। পরিবেশ দূষণ থেকে রক্ষা পেতে তিমিটিকে মাটি চাঁপা দেওয়ার প্রয়োজন রয়েছে। কিন্তু দুর্গন্ধের কারণে কোনো শ্রমিক এই মুহূর্তে কাছে যেতে পাড়ছে না।'
এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী অফিসার অতীশ সরকার বলেন, 'খবর পেয়ে বনবিভাগের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়েছেন। কোস্টগার্ড সদস্যরাও আছেন। ভেসে আসা মৃত তিমিটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।'
তিনি আরও বলেন, 'তবে কালো রঙের বিশাল আকৃতির ওই তিমিটি কোন প্রজাতির তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।'
