চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, শিক্ষার্থীর মৃত্যু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিজের বিভাগের একটি অনুষ্ঠানের ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আরিফুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, রাত ৯টা ৫৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের আবদুর রব হলের প্রধান ফটকের ওপর বিভাগের একটি অনুষ্ঠানের ব্যানার টাঙাতে ওঠেন আরিফুল। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফটকের ওপর ঝুলে পড়েন।
পরে শিক্ষার্থীরা হলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় প্রথমে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তন্ময় রায় বলেন, 'সে রব হলের মেইন গেটের ওপর তাদের বিভাগের একটি অনুষ্ঠানের ব্যানার লাগাতে উঠেছিল। উপরে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুলে যায়। পরে মেইন সুইচ অফ করার পর সে নিচে পড়ে যায়। এরপর তাকে দ্রুত ই-কারে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নেওয়া হয়। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ঘটনা ঘটে।'
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. আবু তৈয়ব বলেন, 'ঘটনার পর অ্যাম্বুলেন্স থেকে ফোন পেয়ে বিষয়টি জানতে পারি। অ্যাম্বুলেন্স প্রস্তুত ছিল। আসার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তাকে হাসপাতালে পাঠানো হয়।'
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম বলেন, 'রাত ১০টা ৪৫ মিনিটে হাসপাতালে নেওয়ার পর শিক্ষার্থীটি মৃত্যুবরণ করেছে।'
এদিকে, ঘটনার পর আবদুর রব হল এলাকায় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। কীভাবে ঘটনাটি ঘটল এবং বৈদ্যুতিক নিরাপত্তার ক্ষেত্রে কোনো ত্রুটি ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
