মামলা না করে দেশে আসছি না, এর শেষ দেখে ছাড়ব: ইতালিতে হামলার শিকার হওয়ার পর বাঁধন
ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে মারধর ও হেনস্তার শিকার হওয়ার পর অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেছেন, তিনি এ ঘটনায় মামলা না করে দেশে ফিরবেন না। সেই সঙ্গে তিনি এও বলেছেন, বিষয়টির শেষ দেখে ছাড়বেন তিনি।
'আমি কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে আসছি না। এটার শেষ আমি দেখে ছাড়ব', আজ মঙ্গলবার বিকেলে ফেসবুক লাইভে বলেন এই অভিনেত্রী।
লাইভের শুরুতে বাঁধন বলেন, ''অনেকেই আমাকে ফোন করে জানতে চেয়েছেন, কেমন আছি, কোথায় আছি, আমি ঠিক আছি নাকি? সবাইকে শুধু বলতে চাই, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি কখনো মাথা নত করিনি, এমনকি সেটা করতে ভুলেও গিয়েছি। তাই আমাকে ভেঙে ফেলা সহজ নয়।''
বাঁধন জানান, হামলার পর স্থানীয় পুলিশ তাকে সহায়তা করেছে এবং নিরাপদ একটি স্থানে পৌঁছে দিয়েছে। পরে রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়।
বাঁধন বলেন, বাংলাদেশ অ্যাম্বাসি থেকে আমাকে ফোন করা হয়েছে। অ্যাম্বাসি থেকে লোক আসছে। তাদের সঙ্গে থানায় গিয়ে মামলা করব। আমাদের কাছে সব প্রমাণ আছে এবং এরই মধ্যে আমরা কয়েকজনকে শনাক্তও করেছি।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন বাঁধন।
ঘটনার পর অনেকেই ফোন করে, টেক্সট করে বাঁধনের প্রতি সমর্থন জানিয়েছেন। তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান এই অভিনেত্রী।
বাঁধন দাবি করেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় তার সক্রিয় ভূমিকার কারণেই ইতালিতে তার ওপর হামলা হয়েছে। ফেসবুক লাইভে তিনি জুলাই গণঅভ্যুত্থানের সময় তার অবস্থান ও ভূমিকা বিস্তারিত তুলে ধরেন।
"জুলাই গণঅভ্যুত্থানের সময় আমি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। আমি মনে করি, এটি ছিল আমার জীবনের নেওয়া সঠিক সিদ্ধান্তগুলোর একটি। আমি একজন গর্বিত জুলাই যোদ্ধা," বলেন তিনি
বাঁধন জানান, অনেকেই তাঁকে ফোন ও মেসেজ করে সাহস না হারানোর পরামর্শ দিয়েছেন। "সবাই আমাকে একটি কথাই বলছেন—সাহস হারাবেন না। বাঁধন সাহস হারানোর জন্য জন্মায় নাই। এ কথাটা মনে রাখা প্রয়োজন। আমাকে ভয় দেখানো বা ভেঙে ফেলা এত সহজ নয়," যোগ করেন তিনি।
লাইভে বাঁধন আরও বলেন, তার ছোট ভাই ও তার পরিবারের সঙ্গে যা ঘটেছে, সেটি তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। বিশেষ করে তার ভাইয়ের স্ত্রী এবং তিন বছর বয়সী শিশুকে হয়রানি করার ঘটনায় তিনি গভীরভাবে ব্যথিত।
"আমার ছোট ভাই, তার পরিবার, ছোট্ট সন্তান এবং স্ত্রীকে যেভাবে হয়রানি করা হয়েছে, তাতে আমি ভীষণভাবে কষ্ট পেয়েছি," বলেন তিনি।
তিনি তাদের ওপর হামলাকে 'ন্যাক্কারজনক' বলে উল্লেখ করেন।
