বাল্যবিয়ে বন্ধে ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন শুরু
বাংলাদেশে বাল্য ও জোরপূর্বক বিয়ে প্রতিরোধ এবং মেয়েদের অধিকার সুরক্ষায় সামাজিক মানসিকতার পরিবর্তনের লক্ষ্যে 'চাইল্ড, নট ব্রাইড' শীর্ষক একটি ক্যাম্পেইন শুরু করেছে বিবিসি মিডিয়া অ্যাকশন।
প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং নরওয়ের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা এনআরকে টেলিথনের অর্থায়নে সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেন, বাল্যবিয়ে বন্ধ করতে হলে এর পেছনের কারণগুলো সঠিকভাবে চিহ্নিত করে এলাকাভিত্তিক নীতি গ্রহণ করতে হবে। পারিবারিক চাপ বা সামাজিক প্রলোভনের কারণে মেয়েশিশুরা যাতে বাল্যবিয়ের শিকার না হয়, সে বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।
মাহ্দী আমিন আরও বলেন, 'অনেক পরিবার বাল্যবিয়েকে সমস্যার সমাধান হিসেবে দেখলেও এর মাধ্যমে আরও বড় সমস্যার সৃষ্টি হয়। জনগোষ্ঠীর একটি অংশ এখনো বাল্যবিয়েকে উৎসাহিত করছে। অনেকেই না বুঝে এটিকে 'শুভ কাজ' মনে করলেও এর ফলে একটি মেয়ের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে।'
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রানসেন বলেন, বাল্যবিয়ে মেয়েদের শিক্ষার পথ রুদ্ধ করে, তাদের সম্ভাবনাকে সীমিত করে এবং দারিদ্র্যের চক্রকে দীর্ঘায়িত করে। বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষা ও সচেতনতার পাশাপাশি গণমাধ্যমের কার্যকর ভূমিকার ওপর জোর দেন তিনি।
ক্যাম্পেইনের বিস্তারিত তুলে ধরে বিবিসি মিডিয়া অ্যাকশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ও দক্ষিণ-পূর্ব এশিয়ার রিজিওনাল ডিরেক্টর মো. আল মামুন বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে বাল্যবিয়ে পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়; এর জন্য সামাজিক মানসিকতার পরিবর্তন এবং সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মাঠপর্যায়ের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, অনেক ক্ষেত্রে একটি বিয়ে ঠেকানো গেলেও পরে মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়। তাই একটি বিয়ে বন্ধ করার পাশাপাশি বাল্যবিয়ের মূল কারণ মোকাবিলায় গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর (প্রোগ্রাম) নীলিমা ইয়াসমিনসহ সরকারের প্রতিনিধি, কূটনীতিক, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক ও ডিজিটাল কনটেন্ট নির্মাতারা বক্তব্য দেন।
ক্যাম্পেইনের অংশ হিসেবে অনুষ্ঠানে নির্মিত বিভিন্ন জনসচেতনতামূলক বার্তা, গান পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্টসহ বিভিন্ন প্রচারণামূলক কনটেন্ট অনুষ্ঠানে প্রদর্শন করা হয়। এসব প্রচারণামূলক গানে জনপ্রিয় বাউল শিল্পী আলেয়া বেগম ও র্যাপার আলী হাসান অংশ নিয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে 'বিবিসি হ্যালো চেক'-এর ফেসবুক, ইউটিউব ও টিকটক চ্যানেলে এসব প্রচারণামূলক কনটেন্ট প্রকাশের মধ্য দিয়ে ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়।
