হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৯১
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এতে দেশে হামে নিশ্চিত এবং সন্দেহজনক মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্য অনুযায়ী, সর্বশেষ এই আপডেটসহ এখন পর্যন্ত হামে সন্দেহজনক মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৮৯১। অন্যদিকে, ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০০ জনে।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও ৮৪৩ জন সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে সর্বমোট সন্দেহজনক আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ১০৫ জনে। একই সময়ে ৭৪ জন নতুন করে ল্যাব-নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন। এর ফলে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৪১ জনে।
ডিজিএইচএসের উপাত্তে আরও দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে মোট ১ লাখ ৪৩ হাজার ২১৪ জন সন্দেহভাজন হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন।
