সরকার জনগণের সাথে প্রতারণা করছে, জনগণ তাদের ক্ষমা করবে না: শফিকুর রহমান
ক্ষমতাসীন বিএনপি সরকার জনগণের সঙ্গে 'প্রতারণা' করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এর জন্য জনগণ সরকারকে 'ক্ষমা করবে না' বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের চিটাগাং রোড ট্রাকস্ট্যান্ড মাঠে পথসভায় তিনি এ কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন এবং ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচিতে নারায়ণগঞ্জে এই পথসভা করেছে ১১ দলীয় ঐক্য।
পথসভায় বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, 'স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা ও দাবি এখনও পুরোপুরি পূরণ হয়নি। জনগণের গ্যাস, বিদ্যুৎ ও সুশাসনসহ সব ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্য রাজপথের আন্দোলন বজায় রাখবে, ইনশাআল্লাহ।'
তিনি আরও বলেন, 'আমরা রাজপথে নেমেছি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করার জন্য। গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট নিরসনের জন্য। এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। জনগণ তাদেরকে ক্ষমা করবে না। ১১ দলীয় ঐক্য জোট জনগণের পাশে আছে। আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ব। আপনারা বিজয়ের শেষ হাসি হেসে ঘরে ফিরবেন।'
পথসভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি /এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ , বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিব মামুনুল হক, এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম, এনসিপির যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪-এর এমপি অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন।
শিমরাইলের সংক্ষিপ্ত পথসভা শেষে লংমার্চটি কুমিল্লার উদ্দেশে রওনা হয়। এদিকে লংমার্চ উপলক্ষে সকাল থেকেই আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক টিম যানজট নিরসন ও শৃঙ্খলা রক্ষাত কাজ করছিল। পথসভা চলাকালে চট্টগ্রামমুখী সার্ভিস লেন বন্ধ থাকলেও মূল লেন সচল ছিল। ফলে কোনো ধরনের যানজট দেখা যায়নি মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে।
