প্রধানমন্ত্রী বুদ্ধিমান মানুষ, ভারত সফরের সিদ্ধান্ত তার ওপর: দীনেশ ত্রিবেদী
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে কি না—এমন প্রশ্নে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, 'সফরের সিদ্ধান্ত পুরোপুরি প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করছে। তিনি অনেক বুদ্ধিমান মানুষ, জনগণের নেতা। সুতরাং আমি মনে করি, এটি প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দেওয়া উচিত।'
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রসঙ্গ টেনে দীনেশ ত্রিবেদী বলেন, 'বন্ধুত্বপূর্ণ সম্পর্কের খাতিরে যা করা প্রয়োজন'—এ নিয়ে তার কোনো সন্দেহ নেই। দুই দেশের অভিপ্রায় জনগণকেন্দ্রিক বলেও মন্তব্য করেন তিনি।
'যখন জনগণকেন্দ্রিক বিষয় হয়, তখন যা হওয়ার হবেই,' বলেন ভারতীয় হাইকমিশনার।
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে কি না—এমন প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, 'গণতন্ত্রে আলোচনার কোনো শেষ নেই।'
তিনি বলেন, 'যদি আলোচনা শেষ হয়ে যায়, তাহলে ওটা গণতন্ত্র না। আলোচনা তো বহমান নদীর মতো।'
গঙ্গা-পদ্মার উদাহরণ দিয়ে তিনি বলেন, 'নদীর প্রবাহের মতো আলোচনা চলতেই থাকে, কোথাও থেমে থাকে না। একইভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনাও অব্যাহত থাকবে।'
'আমি আশাবাদী, কনফিডেন্ট। এটাই হচ্ছে প্রসেস অব ডেমোক্রেসি, আর এই প্রসেসটা চিরকাল চলতেই থাকবে,' যোগ করেন তিনি।
এ সময় দীনেশ ত্রিবেদী জানান, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে বুধবার জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। বৈঠকগুলোতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, সংসদীয় যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
