জুলাই গণঅভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ ৮৪৩, যাচাই চলছে আরও দুজনের: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে এখন পর্যন্ত ৮৪৩ জনকে শহীদ হিসেবে সরকারি গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে আরও দুজনের বিষয়ে যাচাই-বাছাই শেষ না হওয়ায় শহীদের গেজেটভুক্ত তালিকা এখনো চূড়ান্ত হয়নি।
রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মহিলা আসন-৪৫-এর সংসদ সদস্য রোকেয়া বেগমের এক প্রশ্নের লিখিত জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এ তথ্য জানান।
সংসদ সদস্য তার প্রশ্নে জুলাই ২০২৪ আন্দোলনে কতজন শহীদ হয়েছেন, তাদের নামসহ তালিকা এবং শহীদদের নামে গেজেট প্রকাশ হয়েছে কি না, তা জানতে চান। একই সঙ্গে গেজেট প্রকাশ না হয়ে থাকলে তা কবে নাগাদ করা হবে, সে বিষয়েও জানতে চান।
জবাবে মন্ত্রী জানান, জুলাই গণঅভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদের সংখ্যা ৮৪৩ জন। বর্তমানে আরও দুজন জুলাই শহীদের বিষয়ে যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার পর তাদের গেজেটভুক্ত করার পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা ও তালিকা যাচাইয়ের বিষয়টি এর আগেও আলোচনায় এসেছে। সরকারি তালিকা চূড়ান্ত করার আগে যাচাই-বাছাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে৷
