বিমানবন্দরে শাড়ির আড়ালে কুশসহ গ্রেপ্তার ২ ভারতীয় কারাগারে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণে কুশ, বিদেশি মদ ও ভারতীয় শাড়ি উদ্ধারের ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দুই ভারতীয় নাগরিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আজ মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালত সূত্রে এই তথ্য জানা গেছে।
কারাগারে যাওয়া আসামিরা হলেন—ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার কামারহাটির সানাওয়ার আলী (৩৬) ও ইমতিয়াজ আহমেদ (৩৬)।
আদালত সূত্রে জানা যায়, এদিন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহরিয়া শারমিন। ওই আবেদনে বলা হয়, দুই আসামিই ভারতীয় নাগরিক। তারা জামিনে মুক্তি পেলে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন এবং এতে মামলার তদন্ত ও বিচার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। আবেদনের প্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, গত ২৪ আগস্ট দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিচতলার আগমনী হলের গ্রিন চ্যানেল এলাকা থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি ৪০ গ্রাম কুশ, তিন লিটার বিদেশি মদ ও ২৪টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।
এছাড়া তাদের তল্লাশি করে ভারতীয় পাসপোর্ট, ৪০০ মার্কিন ডলার, থাই বাথ ও ভারতীয় রুপি, ৪টি মোবাইল ফোন এবং দুটি বোর্ডিং কার্ড জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ) ও ২৪(ক) ধারায় মামলাটি দায়ের করা হয়।
