রাষ্ট্রপতিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অভিনন্দন
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
সোমবার (২৪ আগস্ট) এক অভিনন্দন বার্তায় শি জিনপিং দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
বার্তায় শি জিনপিং উল্লেখ করেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু এবং প্রতিবেশী। ৫১ বছর আগে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দুই দেশ সর্বদা একে অপরকে সম্মান ও সমমর্যাদার চোখে দেখেছে।
তিনি বলেন, চীন ও বাংলাদেশ একে অপরের স্বার্থ এবং প্রধান উদ্বেগের বিষয়গুলোতে পারস্পরিক সমর্থন দিয়ে আসছে এবং নিজ নিজ দেশের আধুনিকায়নের পথে হাতে হাত রেখে এগিয়ে যাচ্ছে।
চীনের প্রেসিডেন্ট আরও বলেন, 'আন্তর্জাতিক পরিস্থিতির নানা পরিবর্তনের মধ্যেও চীন-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক অটুট রয়েছে।' তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন, যাতে দুই দেশের এই ঐতিহ্যবাহী বন্ধুত্বকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া যায়।
শি জিনপিং তার বার্তায় কৌশলগত যোগাযোগ শক্তিশালী করা এবং 'বেল্ট অ্যান্ড রোড' ইনিশিয়েটিভের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সব খাতে পারস্পরিক সহযোগিতা ও বিনিময় সম্প্রসারণের কথা উল্লেখ করে বলেন, নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভাগ্যের অংশীদারিত্বকে আরও গভীর করা হবে। এর ফলে দুই দেশের জনগণের জন্য আরও বেশি সুফল ও বাস্তব ফলাফল বয়ে আনা সম্ভব হবে বলে তিনি বিশ্বাস করেন।
বার্তার শেষাংশে প্রেসিডেন্ট শি নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন এবং বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি আশা করেন।
