ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের ডোবা থেকে আ. লীগ নেতার মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে নায়েব আলী (৬০) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্তবর্তী ধজনগর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নায়েব আলী ওই গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে। তিনি গোপীনাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
নিহতের স্বজনরা জানান, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে নায়েব আলী বাড়ি থেকে বের হয়ে পাশের চাষকৃত কলাবাগানে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
তবে কলাবাগান ও ডোবার আশপাশে তার ব্যবহৃত টর্চলাইট, লুঙ্গি, গামছা, বিড়ির প্যাকেট ও গ্যাসলাইট পাওয়া যায়। এসব জিনিসপত্রের সূত্র ধরে শুক্রবার বিকেলে বাড়ির পাশের ডোবায় তার মরদেহ পাওয়া যায়।
কসবা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
