প্রধানমন্ত্রী ভারত সফরে যেতেই পারেন, তবে সেটা হতে হবে সমমর্যাদার: শফিকুর রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যেতেই পারেন, তবে সেটা হতে হবে সমমর্যাদার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, 'প্রধানমন্ত্রী সারাবিশ্বই সফর করতে পারেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সফর করতেও কোনো অসুবিধা নেই। তবে সেই সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের।'
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় শফিকুর রহমান বলেন, 'এখন এই দেশের মানুষ আর কারো আধিপত্যবাদ মেনে নেবে না। এদেশের মানুষ চায় ভারতের সঙ্গে সম্পর্ক হোক বন্ধুত্বের, সমমর্যাদা ও সমতার ভিত্তিতে।'
তিনি বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমান একইসঙ্গে সরকার প্রধান ও দলীয় প্রধান; তিনি চাইলেই দেশে চলমান, চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ বাণিজ্যের টুটি চেপে ধরতে পারেন। তিনি চাইলেই এসব বন্ধ হবে। তিনি চাচ্ছেন কি না এটাই বড় বিষয়।'
সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দেশের মানুষের কাছে একটি আদর্শিক সংগঠনের নাম। এই আস্থা অর্জন করতে এই সংগঠন দীর্ঘ সময় ধরে এদেশের মানুষের মাঝে ইসলামের দাওয়াত ও আদর্শ সমাজ এবং রাষ্ট্র গঠনের জন্য কাজ করে যাচ্ছে।'
আগামী স্থানীয় সরকার নির্বাচনে নেতা-কর্মীদেরকে জনমানুষের পাশে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করার নির্দেশ দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, 'ভোট যেন কেউ ছিনিয়ে নিতে না পারে সে ব্যাপারে আমাদের নেতা-কর্মীদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে।'
রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর আমির ড. মাওলানা কেরামত আলী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
