দল যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও তা রক্ষা করব: বিদায়ী বক্তব্যে মির্জা ফখরুল
বিএনপির সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দল তাকে যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও তিনি সেই সম্মান রক্ষা করবেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবেন না।
বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের সভায় এক বক্তব্যে তিনি এসব কথা জানান। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্যে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন ও তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
এ সময় তিনি দীর্ঘদিন দায়িত্ব পালনের সময়ে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা চান।
বক্তব্যে, বঙ্গভবনে যাওয়ার পর সহকর্মীদের মিস করবেন উল্লেখ করে সবার কাছে দোয়া চান তিনি। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনে তার পক্ষে ভোট দেওয়ার জন্য তিনি দলীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।
বক্তব্য দেওয়ার সময় মির্জা ফখরুল ইসলাম কয়েকবার কেঁদেছিলেন বলে জানান সভায় উপস্থিত কয়েকজন। এতে সভাকক্ষে আবেগঘন পরিবেশ তৈরি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানও আবেগাপ্লুত হয়ে পড়েন বলে জানান তারা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত করতে সভায় দলীয় সংসদ সদস্যদের প্রতি ভোট দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করেন। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠিত হওয়ার ফলে নির্বাচন চ্যালেঞ্জিং হবে বলেও জানান তিনি।
সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, 'অনেকের সঙ্গে এলাকায় দলের নেতা-কর্মীদের দূরত্ব তৈরি হচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই এ দূরত্ব সৃষ্টি হতে দেওয়া যাবে না। সংসদ নির্বাচনে অনেকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় দল ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার স্থানীয় সরকার নির্বাচনে যাতে কেউ দল-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে না যান, সে জন্য এখন থেকেই কাজ শুরু করতে হবে। গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিয়ে তাকে জয়ী করতে হবে।'
