দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন দীনেশ ত্রিবেদী
ঢাকায় গত ২৪ ঘণ্টায় সরকারের উচ্চপর্যায়ে তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষে আজ সোমবার নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুই প্রতিবেশী দেশের মধ্যকার সম্পর্ককে ইতিবাচক ও গঠনমূলকভাবে এগিয়ে নেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে তার এই সফরকে দেখা হচ্ছে।
দীনেশ ত্রিবেদী গত রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে বৈঠক করেন। এরপর আজ সোমবার তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন।
একটি কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে, হাইকমিশনার আজই ঢাকা ত্যাগ করেছেন। তবে তার এই সফরটি আগে থেকেই নির্ধারিত ছিল বলে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎকালে দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা জানান। এ সময় তিনি বাংলাদেশের সরকার ও জনগণের সাথে 'ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী' পন্থায় কাজ করার ভারতের আগ্রহের কথা ব্যক্ত করেন। বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জনমুখী ও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সাথে বৈঠকে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
হাইকমিশনার জানান, ভারত পারস্পরিক স্বার্থ, সুবিধা এবং সংবেদনশীলতাকে গুরুত্ব দিয়ে সব ক্ষেত্রে জনকল্যাণমুখী সহযোগিতা বৃদ্ধি করতে আগ্রহী।
