শুধু দল ভারী করার জন্য আ. লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত হবে না: শফিকুর রহমান
শুধু দল ভারী করার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত হবে না বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, শুধু দল ভারী করার জন্য আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত হবে না। এটি অন্যায়, জঘন্য অপরাধ। এ ধরনের জঘন্য অপরাধ কারো করা উচিত হবে না।
শুক্রবার (৭ আগস্ট) সকালে বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, আমরা চাই না এখনই তারা রাজনীতিতে আসুক। তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। অসংখ্য মায়ের বুক খালি করেছিল, অসংখ্য মানুষ গুম হয়েছিল, গুম হওয়া সকলে ফিরে আসেনি এখনও। এমন পরিস্থিতিতে তারা কীভাবে আবার রাজনীতিতে ফিরে আসে—এ প্রশ্ন থেকেই যায়।
তিনি বলেন, আওয়ামী লীগ এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেনি। সামান্য কোনো অনুশোচনাও নেই তাদের। যে দল এ দেশের অসংখ্য মানুষকে গুম করলো, খুন করলো, অসংখ্য মানুষকে পঙ্গু করলো, একটা জেনারেশন এর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল; তবু তাদের কোনো অনুশোচনা দেখা গেলো না।
সরকারের দায়িত্বশীল ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের। এই জায়গাটা সরকার যত ভালোভাবে সামাল দেবে, বাংলাদেশ তত সুন্দরভাবে পরিচালিত হবে। আমরা সংসদের ভেতরে যেখানে সহযোগিতা করা দরকার, সেখানে অবশ্যই সহযোগিতা করছি। আর যেখানে বিরোধিতা করা দরকার, সেখানে বিরোধিতা করছি।
জুলাই সনদ প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, এ বিষয়টি নিয়ে আমরা এখনও দুই মেরুতে আছি। দেশের ৭০ ভাগ মানুষের রায়কে অবশ্যই সম্মান করতে হবে। কোনো অবস্থাতেই এটাকে অপমান করতে দেওয়া হবে না।
সংসদে বিরোধীদলের ভূমিকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এক সময় সংসদে মারামারি হয়েছে। ফাইল ছুঁড়ে মারা হয়েছে। একে অন্যের দিকে তেড়ে গেছে। অশ্লীল ও বিশ্রি ভাষায় গালিগালাজ করা হয়েছে। আমরা সে পার্লামেন্ট চাই না। আমরা একটা সভ্য পার্লামেন্ট দেখতে চাই।
তিনি আরও বলেন, এজন্য প্রথম দিন থেকে বিরোধীদল হিসেবে আমাদের ভূমিকা ছিল গঠনমূলক। এটা আমরা অব্যাহত রাখব। কোনো উসকানিতেই এ জায়গা থেকে আমরা সরে আসব না।
বাগেরহাট জেলা জামাতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য মাওলানা মো. মশিউর রহমান, বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীমসহ বাগেরহাট জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
