‘আ. লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র’: বিএনপির এমপি নাছির
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির চৌধুরী বলেছেন, 'আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র। আমরা তাদেরকে নিয়ে একসঙ্গে যুদ্ধ করেছি। অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে।'
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিরাই উপজেলায় আয়োজিত 'জুলাই স্মরণ সমাবেশে' প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাছির চৌধুরী বলেন, 'আজকের এই সমাবেশই বিএনপির মূল সমাবেশ। এর বাইরে বিএনপির আর কোনো সমাবেশ নেই। আগামী ৮ আগস্ট বিএনপির নামে যারা আলাদা সমাবেশ করতে চাচ্ছে, তারা মূলত দলে বিভক্তি সৃষ্টি করতে চায়। এদের সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে।'
নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে তিনি বলেন, 'আমার কোনো ভাই নেই, আমি একা। এমনকি আমার বাসাও কেড়ে নেওয়া হয়েছে। যারা দলের নাম ভাঙিয়ে চুরি-দুর্নীতি করার সুযোগ পাচ্ছে না, তারাই আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তারা বলে, আমি নাকি লাখ লাখ টাকা লুটপাট করেছি। যারা এসব কথা বলে, তাদের জিজ্ঞাসা করুন আসলে কত টাকা বাজেট এসেছে। প্রয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছ থেকে তথ্য জেনে নিন।'
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি আরও বলেন, 'আমি যতদিন জীবিত আছি, কাউকে কোনো ধরনের দুর্নীতি করার সুযোগ দেব না।'
উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য দেন— উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু সাঈদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি শামসুল ইসলাম ও সেজু মিয়া, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সদস্য কয়সর ইসলাম ও সোহেল মিয়া, কুলঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান, তাড়ল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হক তালুকদার এবং উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক রিনা বেগম।
