কক্সবাজারে দফায় দফায় পাহাড় ধস: রোহিঙ্গা ক্যাম্পে শিশুর মৃত্যু, মেরিন ড্রাইভে যান চলাচল ব্যাহত
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে দফায় দফায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকলেও বিকেলে সেনাবাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। অন্যদিকে, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে এক শিশুর মৃত্যু হয়েছে এবং শহরের কলাতলী এলাকায় মাটি চাপা পড়ে আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (৫ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত ভারী বর্ষণের ফলে পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক উন্নয়ন প্রকল্পের পরিচালক কর্নেল হুমায়ুন কবির জানান, ভারী বর্ষণের ফলে সড়কটির বেশ কয়েকটি জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তবে মেরিন ড্রাইভের এই ধসে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে, জেলা শহরের কলাতলী এলাকায় পাহাড় ধসের ঘটনায় তিনজন আহত হয়েছেন। সেখানে পাহাড়ের মাটি ধসে পড়ে তিনটি বসতঘর চাপা পড়েছে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অন্যদিকে, উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নুনুজিয়া নামে আট বছর বয়সী এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।
উখিয়া ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. আসাদুজ্জামান জানান, বুধবার দুপুরে রোহিঙ্গা ক্যাম্প-১৩-এর এফ/৫ ব্লকে টানা ভারী বৃষ্টির কারণে একটি শেল্টারের ওপর পাহাড় ধসে পড়ে। এতে মাটি চাপা পড়ে গুরুতর আহত হয় শিশু নুনুজিয়া। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টির কারণে পাহাড়ের পাদদেশে অবস্থানকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
