কক্সবাজারে প্যারাসেইলিংয়ের সময় দড়ি ছিঁড়ে পর্যটকের মৃত্যু
কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং করার সময় দড়ি ছিঁড়ে সাগরে ছিটকে পড়ে শৌভিক রায় নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর জেলা প্রশাসন জানিয়েছে, প্যারাসেইলিং প্রশাসনের অনুমতি না নিয়ে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছে। একাধিকবার বন্ধ করার পরও আবারও চালু করেছিল এটি।
শনিবার (১ আগস্ট) দুপুরে কক্সবাজার মেরিন ড্রাইভের দরিয়ানগর এলাকায় ফরিদ আহমদ নামের এক ব্যক্তির মালিকানাধীন 'সি স্পোর্টস' প্যারাসেইলিংয়ে এই দুর্ঘটনা ঘটে। সৈকতে কর্মরত কক্সবাজার জেলা প্রশাসনের বিচ কর্মী মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা থেকে আসা ৯ জনের একটি পর্যটক দল কক্সবাজার ভ্রমণে এসে কলাতলীর 'ওশান ভিউ প্যারাডাইস' নামের একটি হোটেলে উঠেছিলেন। শনিবার দুপুরে দরিয়ানগরে প্যারাসেইলিং করতে গিয়ে হঠাৎ রশি ছিঁড়ে শৌভিক রায় সাগরের পানিতে ছিটকে পড়েন। তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল বলেন, 'দুপুর ২টা ১০ মিনিটের পর তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে পানিতে পড়েই তার মৃত্যু হয়েছে বলে ধরা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।'
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ পুরো ঘটনার বিষয়ে খোঁজখবর নিচ্ছে। বর্তমানে পর্যটকের মরদেহটি জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।
জানা গেছে, দরিয়ানগরের এই প্যারাসেইলিং পয়েন্টটিতে গত ২ বছরে অন্তত ১০ জন পর্যটক নানাভাবে দুর্ঘটনার শিকার ও আহত হয়েছেন। অভিযোগ রয়েছে, যারা প্যারাসেইলিং পরিচালনা করছেন তার মধ্যে অনেকেই রয়েছেন অদক্ষ এবং তারা প্রশাসনের কোনো নির্দেশনা বা শর্ত মানছিলেন না। ২০২৪ সালের জানুয়ারিতেও একাধিক পর্যটক এখানে আহত হওয়ার পর প্রশাসন এটি সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল। কিন্তু রহস্যজনক কারণে এক মাস পরই এটি পুনরায় চালু করা হয়। এমনকি গত এপ্রিল মাসেও একই পয়েন্টে একজন পর্যটক আহত হয়েছিলেন।
পর্যটকের মৃত্যুর খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান। এ সময় তিনি বলেন, 'সি স্পোর্টস প্যারাসেইলিংটি অবৈধ। গত কয়েক মাসে একাধিকবার ম্যাজিস্ট্রেট এটি বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করেই তারা এটি পরিচালনা করে আসছিল। এ ব্যাপারে এখন আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
