প্রবাসীদের ন্যায্য বিমানভাড়া নিশ্চিতে টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা: বিমানমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, দেশের বিমান খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রবাসী কর্মীদের ন্যায্য মূল্যে বিমান টিকিট কেনা নিশ্চিত করতে এয়ারলাইনসের টিকিট সিন্ডিকেট ভেঙে দিতে সরকার পদক্ষেপ নিচ্ছে।
শনিবার (১ আগস্ট) মানিকগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, 'প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ বিমানভাড়া ছাড়ের পাশাপাশি বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেলগুলোতে ছাড়ের ব্যবস্থাও চালু করছে সরকার।'
তিনি বলেন, 'আমরা টিকিট সিন্ডিকেট নিয়ন্ত্রণে এনে প্রবাসীদের ন্যায্য স্বার্থ নিশ্চিত করতে কাজ করছি।' তিনি যোগ করেন, 'বিমান খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা মন্ত্রণালয়ের অন্যতম প্রধান অগ্রাধিকার।'
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিতা সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি মানিকগঞ্জের মুন্নু সিটিতে বাবার কবর জিয়ারত করেন এবং সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। পরে কবরস্থানে দোয়া শেষে মুন্নু মেডিকেল কলেজের নতুন ১০ তলাবিশিষ্ট ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন। এছাড়া কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং স্বাস্থ্যসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের বিশেষ সম্মাননা প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তব্যে আফরোজা খানম তার বাবাকে জাতীয়তাবাদী আদর্শে অবিচল একজন মানুষ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, বাবার আদর্শ অনুসরণ করে মানিকগঞ্জের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে তিনি অঙ্গীকারবদ্ধ।
সাবেক মন্ত্রী, শিল্পপতি ও রাজনৈতিক নেতা হারুনার রশিদ খান মুন্নু ২০১৭ সালের ১ আগস্ট মারা যান। আয়োজকদের ভাষ্য, শিল্পোন্নয়ন, জনসেবা এবং নেতৃত্বে অবদানের জন্য তিনি এখনও স্মরণীয়।
