কুষ্টিয়ায় পদ্মা নদীতে স্পিডবোটে দুর্বৃত্তদের গুলি, যুবক গুলিবিদ্ধ
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে স্পিডবোটে দুর্বৃত্তদের গুলিতে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার গোলাপনগর এলাকার মনি পার্ক থেকে প্রায় এক কিলোমিটার দূরে পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শরিফুল ইসলাম ববি (৩৮) উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত আলম খন্দকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মনি পার্কের মালিক মনিরুল ইসলাম মনি চারজনকে সঙ্গে নিয়ে একটি স্পিডবোটের ট্রায়াল দিতে পদ্মা নদীতে যান। পার্ক এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে পৌঁছালে অপর একটি স্পিডবোট থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। এতে শরিফুল ইসলাম ববি গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, 'হাসপাতালের ভর্তি রেজিস্টারে গুলিবিদ্ধ ব্যক্তির নাম পাওয়া গেলেও তাকে ওয়ার্ডে পাওয়া যায়নি। জরুরি বিভাগের রেজিস্টারে আহতের কারণ হিসেবে গানশট উল্লেখ রয়েছে।'
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গুলিবিদ্ধ শরিফুল ইসলাম ববির স্ত্রী মুঠোফোনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'ওর অবস্থা খুবই খারাপ। আমরা চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছি। প্রায় পৌঁছে গেছি।'
তিনি আরও বলেন, 'কীভাবে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে আমি কিছু জানি না। সুস্থ হলে সে-ই বিস্তারিত বলতে পারবে।'
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, পদ্মা নদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকটি সশস্ত্র গ্রুপ দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। চর দখল, বালুঘাট নিয়ন্ত্রণ এবং নদীকেন্দ্রিক প্রভাব বিস্তার নিয়ে অতীতেও এসব গ্রুপের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় হতাহতের নজিরও রয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে মনি পার্কের মালিক মনিরুল ইসলাম মনির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
জুয়েল নামের মনি গ্রুপের একজন জানান, তিনি ছুটিতে রয়েছেন এবং ঘটনার বিষয়ে কিছু জানেন না।
এছাড়া মনি পার্কের ম্যানেজার হুমায়নের মুঠোফোনেও একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত। পার্ক-সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া গেছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে।
তিনি আরও বলেন, 'ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।'
