‘সময়ের শেকল ভাঙো’: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে গ্রাফিতিতে ‘সান্ধ্য আইনের’ প্রতিবাদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে প্রচলিত 'সান্ধ্য আইন' বাতিল এবং ২৪ ঘণ্টা হল খোলা রাখার দাবিতে হলগুলোর প্রধান ফটকে গ্রাফিতি এঁকেছেন বিশ্ববিদ্যালয়ের একদল নারী শিক্ষার্থী।
গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল নারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম 'অবরোধবাসিনী'র উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় হলগুলোর ফটকে 'নিরাপত্তার অজুহাতে, সংকুচিত স্বাধীনতা মানি না', 'সময়ের শেকল ভাঙো'-সহ বিভিন্ন স্লোগান ও চিত্রসংবলিত গ্রাফিতি আঁকা হয়।
শুক্রবার প্ল্যাটফর্মটির সদস্য ইসরাত জাহান ইমু দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বলেন, 'বিশ্ববিদ্যালয়ের পাঁচটি নারী হলের গেটে অবরোধবাসিনীর পক্ষ থেকে গ্রাফিতি আঁকা হয়েছে।'
তিনি বলেন, 'আজ বিকেল ৪টা থেকে হলগুলোর সামনে পুনরায় গণস্বাক্ষর সংগ্রহ ও শিক্ষার্থীদের অভিজ্ঞতার গল্প সংগ্রহের বুথ বসানো হবে।'
তিনি আরও বলেন, 'সময়ের শেকল ভাঙার এই আন্দোলন সফল করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেকোনো নারী শিক্ষার্থী আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন।'
