জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ ছাড়লেন অধ্যাপক রশিদুল আলম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে এ দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।
একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে সাময়িকভাবে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো। বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে ২৯ জুলাই অপরাহ্ন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি প্রচলিত নিয়মানুযায়ী সব সুযোগ-সুবিধা ভোগ করবেন।
আদেশে বিদায়ী ও নবনিযুক্ত প্রক্টরদ্বয়কে দ্রুত দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের সনদ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পদত্যাগের বিষয়ে অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
