বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে এনসিপি নেতা গ্রেপ্তার
চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগে দায়ের করা একটি মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) রাতে নগরীর হালিশহর থানার বিডিআর মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আফতাব মজুমদার জয় (২৮) এনসিপির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য। গ্রেপ্তারের পর তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে এনসিপি। দলটির চট্টগ্রাম মহানগর কমিটির দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) ও প্রচার-প্রকাশনা সম্পাদক রিদুয়ান হৃদয়ের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
মামলার এজাহারের অভিযোগ করা হয়েছে, আগ্রাবাদ মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর সঙ্গে প্রায় তিন মাস আগে ফেসবুকের মাধ্যমে আফতাবের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আফতাব বিয়ের আশ্বাস দিয়ে ওই শিক্ষার্থীকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। শিক্ষার্থী বিয়ের আগে শারীরিক সম্পর্কে রাজি না হলে অভিযুক্ত তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন।
এজাহারে আরও বলা হয়, গত ১৪ জুলাই রাতে আফতাব ফোন করে শিক্ষার্থীকে নগরীর বড়পুল এক্সেস রোডে যেতে বলেন। পরে সেখান থেকে তাকে চান্দগাঁও এলাকার বহদ্দারহাট মোড়ে অবস্থিত 'সুইট প্যালেস' নামের একটি আবাসিক হোটেলে নিয়ে যান।
ভুক্তভোগীর অভিযোগ, পরবর্তীতে তিনি বিয়ের জন্য চাপ দিলে আফতাব যোগাযোগ বন্ধ করে দেন। পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, অভিযুক্ত আফতাব আগে থেকেই বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, 'চান্দগাঁও থানায় দায়ের হওয়া একটি মামলায় আফতাব মজুমদার জয়কে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।'
ঘটনার পাঁচ দিন পর গত ১৯ জুলাই, ভুক্তভোগী ওই শিক্ষার্থী নারী ও শিশু নির্যাতন দমন আইনে চান্দগাঁও থানায় মামলা করেন। ওই মামলার ভিত্তিতেই অভিযান চালিয়ে আফতাবকে গ্রেপ্তার করে পুলিশ।
