সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ (২০ জুলাই) চলমান তদন্তের অংশ হিসেবে জলসিঁড়ি আবাসন প্রকল্পে অবস্থিত জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও চাকরিচ্যুত মেজর জেনারেল জিয়াউল আহসানের বাড়িতে অভিযান চালিয়েছে।
দুদকের মুখপাত্র তানজীর আহমেদ জানান, দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল আজ সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ওই বাড়িতে এই অভিযান পরিচালনা করে।
কর্মকর্তারা বাড়িটিতে পাওয়া জিনিসপত্রের একটি তালিকা প্রস্তুত করছেন।
দুদকের আবেদনের পর জ্ঞাত আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা একটি মামলায় গত ৭ জানুয়ারি জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার এজাহার অনুযায়ী, জিয়াউল আহসান জ্ঞাত আয়ের উৎসের বাইরে ২২ কোটি ২৭ লাখ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন, অনুমোদিত সীমার অতিরিক্ত ৫৫ হাজার মার্কিন ডলার জমা রেখেছেন এবং আটটি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ১২০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন।
মামলায় আরও অভিযোগ করা হয়েছে, তিনি তার স্ত্রী নুসরাত জাহানের সহায়তায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ব্যবহার করে ওই অর্থ স্থানান্তর ও রূপান্তর করেছেন।
এতে আরও অভিযোগ করা হয়েছে, তিনি তার সরকারি পদ ও ক্ষমতার অপব্যবহার করেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইন, দণ্ডবিধি, অর্থ পাচার প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ।
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৬ আগস্ট জিয়াউল আহসানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এর আগে তিনি সর্বশেষ জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
পরবর্তীতে ২০২৪ সালের ১৬ আগস্ট ঢাকার খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং জুলাই অভ্যুত্থানের সময় নিউ মার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
