সচিবালয় অভিমুখে লংমার্চ: শিক্ষা ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের আটকে দিল পুলিশ
তিন দফা দাবিতে সচিবালয়ের অভিমুখে লংমার্চে বের হওয়া আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা ভবনের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে।
আজ বুধবার (১৫ জুলাই) বিকেল আনুমানিক ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে শিক্ষার্থীরা পুলিশি ব্যারিকেডের মুখে পড়েন। এরপর তারা সেখানেই অবস্থান নেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন।
এর আগে বিকেল ৩টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সংক্ষিপ্ত সময় সড়ক অবরোধের পর শিক্ষার্থীরা সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেছিলেন।
সরেজমিনে দেখা যায়, অবরোধ কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং নিজেদের দাবি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরবর্তীতে তারা সচিবালয়ের অভিমুখে পদযাত্রা শুরু করেন। এসময় মিছিলের অগ্রভাগে ও পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
লংমার্চে অংশ নেওয়া এক শিক্ষার্থী জানান, তারা শান্তিপূর্ণভাবে দাবি জানাতে এসেছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন।
আরেক পরীক্ষার্থী বলেন, 'বৈরী আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়ায় অনেক পরীক্ষার্থী ভোগান্তিতে পড়েছেন।' তিনি তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জোর আহ্বান জানান।
শিক্ষার্থীরা সড়ক ছেড়ে যাওয়ার পর সায়েন্সল্যাব মোড়, মিরপুর রোড, এলিফ্যান্ট রোড ও শাহবাগমুখী সড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। এর আগে দীর্ঘ অবরোধের কারণে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল।
আন্দোলনকারী শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাইয়ের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।
