প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী; জানা যাবে যেভাবে
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ট্যালেন্টপুল ও সাধারণ মিলিয়ে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। আজ রবিবার (১২ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানায়, এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ৮২ হাজার ৫০০টি বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি ৩৩ হাজার এবং সাধারণ বৃত্তি দেওয়ার কথা ছিল ৪৯ হাজার ৫০০টি।
তবে শেষ পর্যন্ত চূড়ান্তভাবে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন।
ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্তদের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ২৬ হাজার ৩৭৫ জন এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী ৬ হাজার ৫৯০ জন। অন্যদিকে সাধারণ বৃত্তিতে সরকারি বিদ্যালয়ের ৩৬ হাজার ৪২০ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৯ হাজার ৮৬১ জন শিক্ষার্থী রয়েছে।
এবারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন এবং ছাত্রীর সংখ্যা ৪৩ হাজার ৩৫৪ জন।
শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন, মুঠোফোনের এসএমএস এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে ফল জানতে পারবেন।
এসএমএসে ফল জানতে যেকোনো মোবাইল অপারেটর থেকে মেসেজ অপশনে গিয়ে 'DPE' লিখে একটি স্পেস (ফাঁকা জায়গা) দিয়ে রোল নম্বর লিখে '১৬২২২' নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে।
এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিইএমআইএস (ipemis.dpe.gov.bd/) ওয়েবসাইটে প্রবেশ করে 'প্রাথমিক বৃত্তি পরীক্ষা' অপশনে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে ফল দেখা যাবে।
মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার্থীদের মেধা যাচাই, স্বীকৃতি প্রদান এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করার লক্ষ্যেই এই প্রাথমিক বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে।
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সারা দেশের মোট ৭৮ হাজার ৮১০টি বিদ্যালয় অংশ নেয়। এতে নিবন্ধিত পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৪৫ হাজার ৪১ জন। তবে শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেয় ৪ লাখ ১৯ হাজার ৯৮২ জন শিক্ষার্থী।
