আইনি জটিলতা কাটিয়ে চট্টগ্রাম-২ আসনের এমপি হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর
দীর্ঘ প্রায় পাঁচ মাসের আইনি জটিলতার অবসান ঘটিয়ে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদের শপথ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় সরকারমন্ত্রী, অর্থমন্ত্রী, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্যান্য হুইপ, সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে সরোয়ার আলমগীরকে বৈধভাবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি প্রায় ৭০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন। তবে ঋণখেলাপির অভিযোগে তার প্রার্থিতা নিয়ে আইনি বিরোধ সৃষ্টি হওয়ায় নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত রাখা হয়েছিল।
সম্প্রতি বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তার প্রার্থিতা বৈধ ঘোষণা করলে আইনি জটিলতার অবসান ঘটে। আদালতের রায়ের ভিত্তিতে নির্বাচন কমিশন তাকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে।
এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বৈধ ঘোষণা করলেও ঋণখেলাপির অভিযোগ তুলে একই আসনের জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন নির্বাচন কমিশনে আপিল করেন। আপিলের পর কমিশন তার প্রার্থিতা বাতিল করলে সরোয়ার আলমগীর হাইকোর্টে রিট আবেদন করেন।
পরে হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে তাকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেন। পরবর্তীতে আপিল বিভাগও তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিলেও চূড়ান্ত আইনি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেন। সর্বশেষ হাইকোর্ট তার প্রার্থিতা বৈধ ঘোষণা করলে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সব আইনি বাধা দূর হয়।
