তিন মন্ত্রী অনুপস্থিত, মাঝপথেই শেষ হলো সংসদের প্রশ্নোত্তর পর্ব
প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত তিন মন্ত্রী বিরতির পর অধিবেশন কক্ষে উপস্থিত না থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ২১তম দিনের মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব মাঝপথেই সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার (৮ জুলাই) বিকেলে আসরের নামাজের বিরতির পর অধিবেশন পুনরায় শুরু হলে স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, সংশ্লিষ্ট মন্ত্রীদের জন্য তালিকাভুক্ত বাকি প্রশ্নগুলো টেবিলে উত্থাপিত হয়েছে বলে গণ্য করা হবে।
আসন গ্রহণের পর ডেপুটি স্পিকার বলেন, 'মাননীয় মন্ত্রীদের উদ্দেশে প্রশ্ন করার এবং তাদের উত্তর দেওয়ার কথা থাকলেও দুর্ভাগ্যজনকভাবে সংশ্লিষ্ট কোনো মন্ত্রী এখন কক্ষে উপস্থিত নেই। তাই আমরা এখানেই প্রশ্নোত্তর পর্ব সমাপ্ত ঘোষণা করছি।'
দিনের কার্যসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশ্নোত্তর পর্ব শেষে মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। এদিন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রশ্নোত্তর নির্ধারিত ছিল।
বেলা সাড়ে ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। শুরুতে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ৩০ মিনিটের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এরপর মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্বে তিন মন্ত্রীই বিভিন্ন সংসদ সদস্যের প্রশ্নের উত্তর দেন।
আসরের নামাজের জন্য বিরতি শেষে বিকেল প্রায় ৫টা ২৫ মিনিটে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে অধিবেশন আবার শুরু হলেও তিন মন্ত্রী কক্ষে উপস্থিত ছিলেন না। ফলে প্রশ্নোত্তর পর্ব শেষ করে ডেপুটি স্পিকার কার্যপ্রণালি বিধির ৭১ বিধির আওতায় জনস্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের আলোচনা শুরু করেন।
এরপর পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিয়ে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ভারী বৃষ্টিতে চট্টগ্রামে সৃষ্ট জলাবদ্ধতার বিষয়টি সংসদে উত্থাপন করেন।
