পুলিশের ৬ ডিআইজিসহ ৯ কর্মকর্তাকে বদলি
ছয়জন পুলিশ কমিশনার (ডিআইজি) এবং তিনজন পুলিশ সুপারকে (এসপি) বদলি করেছে সরকার।
রোববার (৫ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলির কথা জানানো হয়।
এক প্রজ্ঞাপনে বলা হয়, এসবি ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জে, বরিশাল মেট্রোপলিট পুলিশের (বিএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জে, পুলিশ অধিদপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বিএমপির পুলিশ কমিশনার হিসেবে, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জে, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশে এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে এপিবিএন-এ বদলি করা হয়েছে।
আরেক প্রজ্ঞাপনে বলা হয়, সিআইডির এসপি মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠির এসপি হিসেবে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ফরিদপুরের এসপি হিসেবে এবং ফরিদপুরের এসপি মো. নজরুল ইসলামকে সিআইডিতে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপন দুটিতে জানানো হয়।
