বরিশালে গ্রেপ্তারের ভয়ে পালাতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু
বরিশালে গ্রেপ্তারের ভয়ে পুলিশের হাত থেকে পালাতে গিয়ে সড়কের পাশের দেয়ালে আঘাত পেয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
আজ রোববার (২১ জুন) দুপুর সাড়ে তিনটায় বরিশাল মহানগরীর ১ নম্বর ওয়ার্ডের কাউনিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নেতার নাম রাশেদ খান মেনন। তিনি কাউনিয়া এলাকার হেমায়েত হোসেন খানের ছেলে এবং বরিশাল মহানগরীর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা রেজাউল করিম জানান, দুপুর তিনটার দিকে রাশেদ খানের বাসা পুলিশ ঘেরাও করে। তখন তিনি বাসার পেছনে থাকা কবরস্থানে পালিয়ে যান। পুলিশ সেখানেও অভিযান চালালে তিনি দেয়াল টপকে পাশের একটি বাসায় গিয়ে অবস্থান নেন।
পরবর্তীতে পুলিশ ওই বাসাও ঘেরাও করলে তিনি সেখান থেকে আবারও দৌঁড়ে পালাতে যান এবং একপর্যায়ে রাস্তার ওপর পড়ে যান। এ সময় পাশের দেয়ালে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজীত চন্দ্র নাথ বলেন, 'কার্যক্রম নিষিদ্ধ এই আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুইটি মামলা ছিল। ওই মামলায় তাকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের ভয়ে পালাতে গিয়ে তার মৃত্যু হয়।'
