মোহাম্মদপুরে নিজ বাসার সামনে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসার সামনে বিএনপির এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আহত মো. নুরুল ইসলাম (৫৫) মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক।
শুক্রবার (১৯ জুন) বেলা আড়াইটার দিকে মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজনৈতিক শত্রুতার জেরে নুরুল ইসলামকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে র্যাব ও পুলিশ যৌথভাবে কাজ করছে।
এদিকে আহত নুরুল ইসলামের স্বজনরা জানিয়েছেন, দুপুরে জুমার নামাজ আদায় করে বাসার সামনে একটি দোকানে দাঁড়িয়ে ছিলেন নুরুল ইসলাম। এ সময় দুইটি মোটরসাইকেলে করে আসা ছয়জন ব্যক্তি তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে তার মুখের বাম পাশে, কাঁধে ও বাম হাতে গুরুতর জখম হয়।
