হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৮
হামের উপসর্গে নিয়ে গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে দেশে আরও ৫টি শিশু মারা গেছে। এ সময়ে সারা দেশে আরও ৭৯৬ শিশুর শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পাঁচ শিশুর মধ্যে তিনজনই ঢাকায় মারা গেছে। একজন রাজশাহীতে, আরেকজন মারা গেছে ময়মনসিংহে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫৫৬ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯২ শিশু। মোট মারা গেছে ৬৪৮টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৮৪ হাজার ৮৯৯ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৯ হাজার ৬০৬ শিশু।
গত ২৪ ঘণ্টায় দেশে ৬৩ জনের হাম শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত হাম শনাক্ত হয়েছে মোট ১০ হাজার ২৪৮ শিশুর।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৬৭২ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৭৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৬৫ হাজার ৮৫২টি শিশু বাড়ি ফিরেছে।
