সম্পদের সীমাবদ্ধতার মধ্যেও প্রতিটি শ্রেণির মানুষের জন্য বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী
সম্পদের সীমাবদ্ধতার মধ্যেও ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের প্রতিটি শ্রেণির মানুষের জন্য বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, 'প্রতিটি মানুষকে চিন্তায় রেখে এবারের বাজেট প্রস্তাব তৈরি করা হয়েছে। কেউ এই বাজেটের আওতার বাইরে নেই।'
বাজেটের মূল দর্শন ও রাজনৈতিক অবস্থান তুলে ধরে আমীর খসরু বলেন, 'আমাদের স্লোগান হচ্ছে— 'অর্থনীতির গণতন্ত্রায়ন'। এর আগে অর্থনীতি ছিল কিছু ব্যক্তিগোষ্ঠী বা অর্গানাইজড গ্রুপের জন্য। আমরা সেই জায়গা থেকে অর্থনীতিকে সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে চাই।'
তিনি আরও বলেন, একটি কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে সম্পদের সঠিক বণ্টন নিশ্চিত করাই এই বাজেটের অন্যতম উদ্দেশ্য। সীমাবদ্ধতা থাকলেও সরকার প্রতিটি খাতের সুষম উন্নয়ন চায়।
বাজেটোত্তর এই সংবাদ সম্মেলনে সরকারের বেশ কয়েকজন মন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
