তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা-কর্মী কারাগারে
সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজা শেষে 'জয় বাংলা' স্লোগান দেওয়ার অভিযোগে ঢাকার ধানমন্ডি থানায় করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ৬ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা খন্দকার আন্নার আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ লিটন মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন, ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ ওরফে মধু, কালিগঞ্জ থানা ছাত্রলীগের সহ-সভাপতি মো. স্বাধীন ইসলাম, দৌলতপুর আওয়ামী লীগের সদস্য ইফতেখার আহমেদ সবুজ, পটুয়াখালী যুবলীগের সদস্য খোকন ফরাজী ও মনপুরা থানা যুবলীগের সদস্য মাকসুদুর রহমান বাবলু।
এর আগে গ্রেপ্তার ৬ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক মাহমুদুর রহমান।
আসামিপক্ষে তাদের আইনজীবীরা তাদের জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গতকাল সোমবার (১ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ধানমন্ডির তাকওয়া মসজিদে সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজায় অংশগ্রহণের জন্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ২০০ নেতা-কর্মী সমবেত হন। জানাজা শেষে তোফায়েল আহমেদের মরদেহ মসজিদ থেকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে নেওয়ার সময় তারা 'জয় বাংলা' স্লোগান ও সরকার বিরোধী স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। এ সময় ৬ জনকে গ্রেপ্তার করা হয় এবং অন্যরা পালিয়ে যান। এ ঘটনায় তাদের নাম উল্লেখ করে রাজধানীর ধানমন্ডি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন এসআই মিঠুন সিংহ।
