বেনাপোল সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি
যশোরের বেনাপোল সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে একদল নারী, পুরুষ ও শিশুকে 'বাংলাদেশি' আখ্যা দিয়ে পুশইনের [বাংলাদেশে ঠেলে দেওয়া] চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক অবস্থানের কারণে বিএসএফের সেই অপতৎপরতা ব্যর্থ হয়েছে।
সোমবার (১ জুন) ভোর রাতে বেনাপোলের সাদিপুর সীমান্তে এ ঘটনা ঘটে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, সোমবার বিকেল পর্যন্ত ওই দলের ৮ থেকে ১০ জন সদস্য ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় (জিরো লাইন) অবস্থান করছেন।
বিজিবি সূত্র জানায়, সোমবার গভীর রাতে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার জয়ন্তীপুর সীমান্ত দিয়ে কাঁটাতারের গেট খুলে ওই ব্যক্তিদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায় বিএসএফ। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের উত্তরে সাদিপুর খড়ের মাঠ এলাকার ১৯/এস ৬ নম্বর সীমান্ত পিলারের কাছে তাদের জড়ো করা হয়। বিএসএফের এই তৎপরতা টের পেয়ে আগে থেকেই সেখানে সতর্ক অবস্থানে থাকা বিজিবি টহল দল বাধা দেয় এবং পুশইন চেষ্টা রুখে দেয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম খান বলেন, 'রাতভর সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার ছিল। বিএসএফের পুশইন অপতৎপরতা ঠেকাতে সাদিপুরসহ জেলার সব সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।'
তিনি আরও বলেন, 'বিএসএফের ঠেলে পাঠানো ৮-১০ জন নারী, পুরুষ ও শিশু বর্তমানে সাদিপুর মাঠের জিরো লাইনে অবস্থান করছে। যেকোনো সীমান্ত দিয়ে এই ধরনের পুশব্যাকের চেষ্টা হতে পারে বলে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। এটি কোনোভাবেই হতে দেওয়া হবে না।'
বিজিবি অধিনায়ক জানান, উদ্ভূত পরিস্থিতি সমাধানের লক্ষে ইতিমধ্যে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। একই সাথে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
