আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন, অবহেলা পেলে কঠোর ব্যবস্থা
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
বুধবার দুপুরে আদ-দ্বীন হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, "হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, জন্মের পর নবজাতকেরা সুস্থ ছিল। পরে পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।"
তিনি বলেন, "এ ঘটনায় দায়িত্বে কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।"
ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস আরও বলেন, "তদন্তে কারও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা ইতোমধ্যেই কাজ শুরু করেছে।"
এ সময় তিনি জানান, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কাজ করছেন। তারাও বিষয়টি তদন্ত করছেন।
