বাংলাদেশের চার উন্নয়ন প্রকল্পে ১.৪ বিলিয়ন ডলারের সহায়তা দেবে এডিবি
বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা শক্তিশালী করা, সামাজিক সুরক্ষা জোরদার করা এবং অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে চারটি বৃহৎ প্রকল্পের জন্য ১.৪ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন ও সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
আজ রোববার (২৪ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত দ্বিপাক্ষিক অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং এডিবির মধ্যে এই অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির বিরূপ প্রভাব মোকাবিলায় এডিবির দ্রুত ও সময়োপযোগী অর্থনৈতিক সাড়া এবং অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।'
তিনি আরও বলেন, 'বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর মধ্যে এডিবির এ ধরনের দ্রুত সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়, যা বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত রাখতে সহায়ক হবে।'
চুক্তির আওতায় এই ১.৪ বিলিয়ন ডলারের সহায়তা চারটি প্রকল্পে ব্যবহৃত হবে: 'স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম ২)', 'সেকেন্ড স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম ২)', 'দ্য সাউথ এশিয়া সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) ঢাকা-সিলেট করিডর রোড প্রজেক্ট', এবং 'নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট'।
অর্থমন্ত্রী এডিবির প্রেসিডেন্ট মাসাতা কান্ডা ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে স্বাগত জানান।
তিনি বলেন, আগামীকাল (২৫ মে) এডিবির প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে দেশব্যাপী সমন্বিত উন্নয়ন প্রকল্প (ন্যাশনওয়াইড ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট) বিষয়ে ঘোষণা দেওয়া হবে।
অর্থমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদি এ প্রকল্পটি বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি দেশের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ সরকার ও এডিবির দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব ভবিষ্যতে দেশের টেকসই অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আরও জোরালো ভূমিকা রাখবে।
