বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকায় স্থলমাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন।
আজ রোববার (২৪ মে) দুপুরে ঘুমধুমের ফাত্রাঝিরির ৪২ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিজিবির কক্সবাজারস্থ ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।
নিহতরা হলেন—বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সুনইয়ং চাকমার ছেলে লেঠাইয়া চাকমা (৪১), নিওমং চাকমার ছেলে অংক্যামং চাকমা (৫০) এবং অইমং চাকমার ছেলে চিংক্যা অং চাকমা (৪০)।
লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, 'স্থলমাইন বিস্ফোরণে স্থানীয় তিনজন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয়রা এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড়ে কাঠ-বাঁশ সংগ্রহ করে ফেরার পথে তারা এই মাইন বিস্ফোরণের কবলে পড়েন।'
