ঢাকার বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী আরব আমিরাতের প্রতিষ্ঠান ডানাটা
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিমান ও ভ্রমণসেবা প্রতিষ্ঠান ডানাটা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৃহস্পতিবার ঢাকায় মন্ত্রণালয়ের কার্যালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আব্দুল্লাহ আলহামুদির মধ্যে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে বিষয়টি উঠে আসে।
বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়, বিশেষ করে বিমান পরিবহন ও পর্যটন খাতে।
আলোচনার সময় আমিরাতের রাষ্ট্রদূত রাজধানীর আসন্ন তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্ত হওয়ার বিষয়ে ডানাটার আগ্রহের কথা উল্লেখ করেন।
প্রস্তাবের জবাবে প্রতিমন্ত্রী মিল্লাত রাষ্ট্রদূতকে তৃতীয় টার্মিনাল চালুর চলমান প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, 'অপারেশনাল রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার' প্রক্রিয়া পুরোপুরি শুরু হওয়ার পর সরকার গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থাপনা নিয়ে উপযুক্ত সিদ্ধান্ত নেবে।
মন্ত্রী আরও বলেন, প্রয়োজনীয় পরিচালনাগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিমানবন্দরের সেবা উন্নয়ন এবং যাত্রীদের আরও ভালো অভিজ্ঞতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
অন্যদিকে, আমিরাতের রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে বিমান পরিবহন ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারে তার দেশের আগ্রহ প্রকাশ করেন।
ডানাটা বিশ্বজুড়ে বিভিন্ন বিমানবন্দরে পরিচালিত গ্রাউন্ড হ্যান্ডলিং, পণ্য পরিবহন, খাদ্য সরবরাহ, ভ্রমণ এবং খুচরা সেবার অন্যতম শীর্ষ বৈশ্বিক সেবাদাতা প্রতিষ্ঠান।
এর আগে যুক্তরাজ্য ও তুরস্কের কয়েকটি প্রতিষ্ঠানও তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল।
