হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৪৩০ ছাড়াল; গত ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৯ শিশুর
দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ৪৩০ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় এই সংক্রমণে সারা দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল সকাল ৮টা থেকে আজ সোমবার (১৩ মে) সকাল ৮টা পর্যন্ত এই প্রাণহানির ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৪৮৯ জন হামসদৃশ উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১২৬ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।
অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত বাংলাদেশে ল্যাব-নিশ্চিত হামের সংক্রমণে অন্তত ৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এর পাশাপাশি হামের মতো উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩৬৩ শিশু। অর্থাৎ চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মোট ৪৩২ জন শিশুর মৃত্যু হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত সময়ে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে মোট ৭ হাজার ১৫০ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
সর্বশেষ স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত সারা দেশে ৫৩ হাজার ৫৬ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৩ হাজার ৮৩২ জন।
